ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক শিক্ষার্থীসহ মোট দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। হল প্রশাসন জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের আবাসিক সিট বাতিল করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী সমকামিদের যোগাযোগের জন্য ব্যবহৃত একটি অনলাইন অ্যাপের মাধ্যমে ওই বহিরাগত ব্যক্তির সঙ্গে পরিচিত হন এবং তাকে হলে আসার আমন্ত্রণ জানান। নির্ধারিত কক্ষে যাওয়ার পরিবর্তে ভুলবশত ওই ব্যক্তি অন্য একটি কক্ষের সামনে চলে যান। সেখানে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা তাকে দেখে সন্দেহ করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়লে শিক্ষার্থীরা তার মোবাইল ফোন যাচাই করে অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের প্রমাণ পান।
শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থী নিজের মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগ মাধ্যম নিষ্ক্রিয় করে আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তবে বহিরাগত ব্যক্তির দেওয়া তথ্য ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মোবাইল নম্বর মিলিয়ে তাকে শনাক্ত করা হয়। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে তিনি বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল করে প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানিয়েছেন, শাহবাগ থানায় পাঠানোর পর অভিযুক্ত শিক্ষার্থীকে তার বিভাগের জিম্মায় এবং বহিরাগত ব্যক্তিকে একজন শিক্ষকের জিম্মায় দেওয়া হয়েছে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে এবং পরবর্তীতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।