২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ২০ জুলাই ফলাফল প্রকাশ করা হবে। তবে ফলাফল প্রকাশের প্রস্তুতি শেষ না হওয়ায় তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ১৮ জুলাই জানিয়েছিলেন যে, ২০ জুলাই ফলাফল প্রকাশ সম্ভব হচ্ছে না, যদিও জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশের জন্য তারা প্রস্তুত ছিলেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলে। এরপর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।