সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত অনেক বাংলাদেশির রেসিডেন্সি ভিসা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাতিল হয়ে যাওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। ছুটিতে বা অন্য কোনো প্রয়োজনে আমিরাতের বাইরে থাকা প্রবাসীদের ভিসা বাতিলের বিষয়টি বাংলাদেশ দূতাবাসের নজরে এসেছে।
এই পরিস্থিতিটি কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটছে, নাকি এটি দেশটির কোনো বিশেষ প্রশাসনিক সিদ্ধান্তের অংশ—তা নিশ্চিত হতে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে বাংলাদেশ দূতাবাস। সঠিক তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে মিশন জানিয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, বিষয়টি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষ অবগত রয়েছে এবং তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের বিস্তারিত জানানো হবে।
এই সংকটময় সময়ে গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণ করার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছে দূতাবাস। একইসঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন মেনে চলার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে বাংলাদেশ দূতাবাস।