বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে ভারতের পক্ষ থেকে তিনি নিশ্চিত করে বলেছেন যে, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে এই সফর ঘটবে বলে তিনি নিশ্চিত।
উল্লেখ্য যে, গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এর পরপরই তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।