বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাল পুনঃখননের জন্য বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়ায় ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
জানা গেছে, বিএনপি সরকারের আমলে উপজেলার নেপালতলী, নশিপুর, সোনারায় ও দক্ষিণ পাড়া ইউনিয়নের খালগুলোর নাব্য ফিরিয়ে আনা, জলাবদ্ধতা দূর করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এই খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। প্রকল্পের আওতায় নির্ধারিত কাজ সময়মতো সম্পন্ন করতে না পারায়, যে পরিমাণ কাজ হয়েছে তার ব্যয় মিটিয়ে অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
গাবতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পগুলোর জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে নশিপুর ইউনিয়নে ৪৯ লাখ টাকা, দক্ষিণপাড়া ইউনিয়নে ৩৮ লাখ টাকা, সোনারায় ইউনিয়নে প্রায় ৬৪ লাখ টাকা এবং নেপালতলী ইউনিয়নে প্রায় ৬৪ লাখ টাকা বরাদ্দ ছিল।
এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, সরকারি অর্থের অপচয় রোধ করার লক্ষ্যেই মূলত অব্যবহৃত এই টাকাগুলো সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।