July 29, 2026, 7:07 pm

জাতীয় স্বার্থ রক্ষাই পররাষ্ট্রনীতির মূল ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 4 Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট করেছেন যে, কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অংশ নয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় স্বার্থকে অক্ষুণ্ন রেখে বিশ্বের সকল দেশের সঙ্গেই সম্পর্ক আরও শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য। উভয় পক্ষই বৈঠকে পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।

চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, কূটনীতিতে বাংলাদেশ আন্দাজের ভিত্তিতে কাজ করে না, বরং বাস্তবতার ভিত্তিতে চলে। সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয় না। তিনি আরও বলেন, কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কারও পরিপ্রেক্ষিতে ‘জিরো-সাম গেম’ নয়। কারো সঙ্গে সম্পর্ক উন্নয়ন হওয়ার অর্থ এই নয় যে অন্য কারও সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, চীনের সঙ্গে সাম্প্রতিক সফর অত্যন্ত সফল হয়েছে এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফরও ইতিবাচক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হয়েছে এবং এসব আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের সঙ্গে বহু দেশের সম্পর্ক রয়েছে এবং এসব সম্পর্কের মূল ভিত্তিই হলো জাতীয় স্বার্থ। যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে, দেশ সেখানেই এগিয়ে যাবে। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এবং বিদ্যমান সহযোগিতা জোরদারের বিষয়ে ঢাকা ও দিল্লি উভয়ই একমত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category