পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোনার খনি ব্যবসার উদ্দেশ্যে গিয়ে অপহরণের শিকার হয়েছেন ধীরু রমনি নামে এক ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী। অপহরণকারীরা তাঁর মুক্তির বিনিময়ে প্রথমে ৯১ লাখ ইউরো বা প্রায় ১০০ কোটি টাকা দাবি করেছিল। তবে পরিবারের সদস্যদের দীর্ঘ দর কষাকষির পর মুক্তিপণের অঙ্ক ৪০ লাখ ইউরো বা ৪৪ কোটি টাকায় নেমে আসে। এই অর্থ পরিশোধের পর গত সপ্তাহে মুক্তি পেয়েছেন তিনি। প্রায় তিন মাস অপহরণকারীর কবলে বন্দি থাকার পর বর্তমানে তিনি মালিতেই অবস্থান করছেন।
গুজরাতের আম্রেলি জেলার বাসিন্দা ধীরু রমনি ১৯৮০-র দশক থেকে হিরে ব্যবসার সঙ্গে যুক্ত। মূলত সুরাটে তাঁর ব্যবসা থাকলেও পরবর্তী সময়ে তিনি সপরিবারে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তাঁর পরিবার আমেরিকায় হিরে ব্যবসার সঙ্গে জড়িত। কয়েক মাস আগে ব্যবসার কাজে মালিতে যান ধীরু এবং সেখানে একটি সোনার খনি কেনেন। খনি কেনার পর তিনি মালিতেই বসবাস শুরু করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-এর তথ্য অনুযায়ী, গত এপ্রিলে ধীরু রমনিকে অপহরণ করা হয়। অপহরণের পর অপরাধীরা আমেরিকায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৯১ লাখ ইউরো মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা অপহরণকারীদের সঙ্গে কয়েক দফায় আলোচনা চালিয়ে মুক্তিপণের পরিমাণ ৪০ লাখ ইউরোতে নামিয়ে আনতে সক্ষম হন। মুক্তি পাওয়ার পর বর্তমানে ধীরু রমনি মালিতেই রয়েছেন। অপহরণের পুরো ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে বিস্তারিত বয়ান সংগ্রহ করছে।