বাংলাদেশে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম নোয়াখালী শাখা। সংগঠনটির নেতাদের অভিযোগ, হিজবুত তাওহীদ মুসলমানদের ঈমান ও আকিদা বিনষ্টকারী একটি জঙ্গি সংগঠন। তারা কোরআন ও সুন্নাহ বিরোধী মিথ্যাচার এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এই সংগঠনের সকল অপতৎপরতা চিরতরে নির্মূল করার আহ্বান জানিয়েছেন হেফাজত নেতারা।
আগামী ১ আগস্ট নোয়াখালীর জেলা স্কুল মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সমাবেশের মাঠের প্রস্তুতি পরিদর্শনকালে নেতারা এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হেফাজত নেতৃবৃন্দের দাবি, হিজবুত তাওহীদ একটি কুফরি মতবাদ। তারা নোয়াখালীকে টার্গেট করে আগ্রাসন চালাচ্ছে এবং মুসলমানদের ঈমান ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। নেতারা আরও বলেন, ফিলিস্তিনসহ সারা বিশ্বে মুসলমানদের ওপর পশ্চিমাদের অত্যাচারের সাথে হিজবুত তাওহীদের কর্মকাণ্ডের মিল রয়েছে। তারা বর্তমান সরকার প্রধানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইন প্রণয়নের মাধ্যমে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন।
মহাসমাবেশ সফল করতে নোয়াখালীসহ আশেপাশের জেলাগুলোতে ব্যাপক গণসংযোগ, প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। সমাবেশে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সহায়তা চেয়েছেন।
প্রস্তুতি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নোয়াখালী জেলা আমির মাওলানা নিজাম উদ্দিন, নায়েবে আমির মাওলানা আব্দুল কবির, মাওলানা ইমরান নোমানী ও মুফতি মোহাম্মদ ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।