বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়ন, সার্বিক কল্যাণ এবং শিক্ষার্থীসেবা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় প্রশাসনিক কর্মকর্তা ও বিদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীদের বিদ্যমান একাডেমিক পরিবেশ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ভর্তি প্রক্রিয়ার সময় মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) পেতে বিলম্ব, আবাসন সংকট, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং প্রয়োজনীয় অন্যান্য একাডেমিক সহায়তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আশ্বস্ত করেছেন যে, বিদেশি শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে আন্তর্জাতিক মানের একটি ডরমেটরি নির্মাণ করা হবে। এছাড়া ভর্তি প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজতর করার লক্ষ্যে মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র দ্রুত পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২৭ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।