July 30, 2026, 8:55 pm

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করার বিষয়ে আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 5 Time View

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং সম্পর্ক সুদৃঢ়করণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ছয়টার পর পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাঁদের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন। এর আগে খলিলুর রহমানের সঙ্গে প্রায় ২০ মিনিট একান্ত বৈঠক করেন সার্জিও গর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন এই বিশেষ দূত তার প্রথম বাংলাদেশ সফরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। তিনি উল্লেখ করেন, অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে।

মার্কিন ধনকুবের সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। এর আগে ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে সফরকারী জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে তিনি তৃতীয়। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেছিলেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সার্জিও গরকে স্বাগত জানিয়ে বলেন, এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও আঞ্চলিক কৌশলগত অবস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহের প্রেক্ষাপটে এই সফর বেশ তাৎপর্যপূর্ণ।

সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করবেন সার্জিও গর। এরপর সফরের শেষ দিন শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category