প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে সম্প্রতি যে আলোচনা চলছে, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের গুজবে তিনি বিশ্বাস করেন না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, কেবল পত্র-পত্রিকা পড়ে রাজনীতির বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের মতো সংবেদনশীল বিষয়ে গুজব বা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে কোনো কথা বলা ঠিক হবে না। এই বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করার সময় আসেনি বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি যোগ করেন, যখন উপযুক্ত সময় আসবে, তখন সবাই এ বিষয়ে জানতে পারবেন।
উল্লেখ্য যে, বর্তমানে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তাকে অপসারণের জন্য বিভিন্ন মহলে জোরালো দাবি ওঠে। এই দাবির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী প্রেসিডেন্টকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচিও পালন করেছে। সাহাবুদ্দিনের পদত্যাগ হলে নতুন রাষ্ট্রপতির জন্য বঙ্গভবনের দরজা উন্মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।