July 24, 2026, 5:57 am

রাষ্ট্রপতিকে শুধু পদত্যাগ নয়, গ্রেপ্তার করে বিচারের দাবি নাহিদ ইসলামের

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026
  • 3 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি চত্বরে জেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শুনছি রাষ্ট্রপতি নাকি পদত্যাগ করবেন। এতদিন পরে তার মনে হলো পদত্যাগ করা দরকার। কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করলেই হবে না। জুলাই আন্দোলনে গণহত্যায় তার সমর্থন ছিল এবং দুর্নীতির অভিযোগও রয়েছে। তাই পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। অতীতেও রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে টালবাহানা হয়েছে। বিএনপি সরকার কাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে, সেটি আমরা দেখব। যদি কোনো অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়, তাহলে সরকারের প্রতি জনগণের যে সামান্য আস্থা আছে, তাও হারিয়ে যাবে।’

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘নির্বাচনের আগে সরকার ১৮ মাসের মধ্যে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পাঁচ মাসে একটি চাকরিও নিশ্চিত করতে পারেনি। তরুণরা শিক্ষিত হয়েও বেকার। কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার ব্যর্থ হয়েছে। বিশ্বের অনেক দেশও এই সরকারকে সহযোগিতা করছে না। তবে চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটে তারা সফল হয়েছে।’

এ সময় তিনি জামালপুরবাসীর উদ্দেশে গণভোটের রায় বাস্তবায়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে শহরের দয়াময়ী মোড় থেকে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮: ৫৬আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮: ৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category