July 24, 2026, 5:56 am

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 3 Time View

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, এই আমন্ত্রণ ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিজ দপ্তরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে এবং সেটি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। যদিও বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র নয়, তবুও ভারত সরকার বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমানে ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসের সদস্য হিসেবে রয়েছে।

ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক সেটিই প্রত্যাশা করে। তিনি আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তাদের জনগণের অবস্থান বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করি।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রধানমন্ত্রীর এই সফরের তারিখ ও পূর্ণাঙ্গ কর্মসূচি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category