July 24, 2026, 5:56 am

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026
  • 1 Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুক্রবারই তিনি পদত্যাগ করতে পারেন। বৃহস্পতিবার বার্তা সংস্থাটি তিনটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং গত মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বিষয়টি অবহিত করেছেন। আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার রাতে জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে। সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারের সশরীরে উপস্থিত থাকার বাধ্যবাধকতা না থাকলেও, পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হয়। সে কারণেই সরকারের উচ্চপর্যায় থেকে স্পিকারকে দ্রুত ফেরার অনুরোধ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নতুন কোনো আলোচনা নয়। গত বছরের ১১ ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের পর সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, তিনি বিদায় নিতে আগ্রহী এবং নতুন সরকার অনুরোধ করলে তিনি পদত্যাগ করবেন। এছাড়া তার পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেছিলেন, “আমার ভালো লাগে না।” পরবর্তীতে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার পদত্যাগের গুঞ্জন নতুন করে চাউর হয়। রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা ও তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেও স্পিকার দেশে না থাকায় প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হচ্ছে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এবং ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category