বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের বাইরেও সংগীতচর্চায় বেশ আগ্রহী। এবার তিনি প্রথমবারের মতো নিউইয়র্কে একটি একক কনসার্টে গান পরিবেশন করতে যাচ্ছেন। ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই কনসার্টটি আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এই আয়োজনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার এবং ভিআইপি টিকিটের মূল্য ৩০০ ডলার। কনসার্টটির আয়োজক হিসেবে রয়েছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।
যুক্তরাষ্ট্র থেকে নিজের একক সংগীতানুষ্ঠান নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের একটি বিষয়। আমি বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় কিংবা ঘরোয়া আয়োজনে গান গেয়েছি। এছাড়া আমার অভিনীত বেশ কিছু নাটকেও আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই কনসার্টে আমাকে গান গাওয়ার সুযোগ দিয়ে যে সম্মান দেখানো হয়েছে, তা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সেখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো পরিবেশন করার চেষ্টা করব। মাঝে হয়তো আমার অভিনীত নাটকের কোনো একটি গানও গাইতে পারি। বর্তমানে আমি এই কনসার্টের জন্য নিয়মিত অনুশীলন করছি।
আয়োজক প্রতিষ্ঠান সম্পর্কে তিনি আরও বলেন, যারা এই একক কনসার্টের আয়োজন করেছেন, আমি বিশ্বাস করি তারা আগামীতে অন্য শিল্পীদেরও যথাযথ সম্মান দিয়ে গান গাওয়ার সুযোগ করে দেবেন। সুন্দর একটি আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য আমি কৃতজ্ঞ। আশা করছি, আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এই মঞ্চটি ভালো কিছু বয়ে আনবে।