ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি আগামী ২৩ জুলাই চরকিতে মুক্তি পাবে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি কর্তৃপক্ষ। নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তারা দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছে, অহংকার থেকে অনুতাপ এবং পতন থেকে পুনর্জন্মের গল্প নিয়ে আসছে সিনেমাটি। দর্শকদের আহ্বান জানিয়ে তারা লিখেছে, ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ, কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।
ঈদুল ফিতরে সিনেমা হলে মুক্তির পর ‘রকস্টার’ নিয়ে দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছিল। তবে বক্স অফিসে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য অর্জনে কিছুটা পিছিয়ে ছিল। ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি নতুন করে দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।
সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে আগুন নামের এক সংগীতশিল্পীকে ঘিরে। সে একজন শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হলেও বাবার দেখানো পথে না হেঁটে রক সংগীতের জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে। দেশ-বিদেশের খ্যাতি অর্জনের পাশাপাশি তার জীবনের ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন এবং ভালোবাসার জটিলতায় এক করুণ পরিণতির দিকে মোড় নেয়।
সিনেমায় শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান ও কাজী সাবির।