July 22, 2026, 6:25 am

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 0 Time View

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের পরিকল্পনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এই উদ্যোগকে তিনি সরাসরি ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন।

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের সঙ্গে আলাপকালে তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইনফান্তিনো এক দশক ধরে ফিফা পরিচালনা করছেন, তবে যে ব্যবস্থার ওপর ভিত্তি করে তিনি ক্ষমতায় টিকে আছেন, তাতে বড় ধরনের ত্রুটি বিদ্যমান। তেবাসের মতে, ইনফান্তিনোর ফুটবলীয় অধ্যায় এখন শেষের পথে।

বিশ্বকাপের দলসংখ্যা বাড়ানোর ফলে ঘরোয়া ফুটবলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন লা লিগা প্রধান। তিনি বলেন, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করা হচ্ছে, অথচ এই ফুটবল লাখ লাখ মানুষের কর্মসংস্থানের উৎস। তার মতে, বিশ্বকাপ গুরুত্বপূর্ণ হলেও ফুটবলের সবকিছু শুধু বিশ্বকাপ নয়।

২০৩০ সালের এই বিশেষ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এই আসরেই দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে ফিফা। এ প্রসঙ্গে তেবাস বলেন, আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে ফিফাকে বারবার উদ্বেগ জানানো সত্ত্বেও তারা এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।

জাতীয় দলের ম্যাচের সংখ্যা কমিয়ে ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তেবাস বলেন, ফুটবলের মূল ভিত্তি হলো বিভিন্ন দেশের ঘরোয়া লিগ। ফিফার উচিত এসব লিগের প্রতি যত্নবান হওয়া, কিন্তু তারা একের পর এক অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category