July 23, 2026, 6:41 pm

দশমিনায় শিক্ষককে শারীরিক নির্যাতনের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 5 Time View

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের ওপর শারীরিক নির্যাতন ও মব ভায়োলেন্সের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঠাকুরেরহাট এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. রিপন মৃধা, মো. মনিরুজ্জামান শাহীন, মো. শহিদুল ইসলাম এবং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মৃধা। বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুলসুম বেগমের স্বামী জামাল বেপারী বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে ওই শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন শিক্ষকের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আহত শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় থেকেই আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমি এমনিতেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি, তার ওপর আমার ওপর এমন নির্মম নির্যাতন চালানো হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, ঘটনার তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ফৌজদারি বিষয়টি তদন্তের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category