নতুন জাতীয় বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে এটি কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তার ওপর। বাজেটের লক্ষ্য ও কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অর্থমন্ত্রী কর্মকর্তাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, গত দেড় থেকে দুই মাসের নিবিড় পরিশ্রমের মাধ্যমে যে বাজেট প্রণয়ন করা হয়েছে, তা সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন অংশীজনের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে বাজেটের আসল মূল্যায়ন হবে এর বাস্তবায়নের মাধ্যমেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অর্থ বিভাগের সবার যৌথ প্রচেষ্টার মাধ্যমেই এই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।
আমলাতন্ত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকা নেতিবাচক ধারণা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। গত চার মাসের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সবাই মিলে একসঙ্গে কাজ করলে যেকোনো জটিল বাধা অতিক্রম করা সম্ভব। কর্মকর্তাদের প্রচলিত ধ্যান-ধারণার গণ্ডি পেরিয়ে নতুন বাস্তবতা ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার পরামর্শ দেন তিনি।
দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পুরনো কর্মপদ্ধতি আঁকড়ে ধরে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয় বলে সতর্ক করেন অর্থমন্ত্রী। তাই রাষ্ট্রীয় সেবা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতি আনতে উদ্ভাবনী চিন্তা-ভাবনা, প্রযুক্তির ব্যবহার এবং নতুন ধারণাকে কাজে লাগানোর জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।