July 26, 2026, 1:05 pm

বিশ্বকাপ ফাইনালের হার এখনো ভুলতে পারছেন না লিয়ান্দ্রো পারেদেস

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 2 Time View

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। শিরোপা হাতছাড়ার কষ্ট এতটাই গভীর যে, ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেছেন। শুক্রবার সকালে কোপা সুদামেরিকানার নকআউট পর্বের প্লে-অফে ও’হিগিন্সকে ১-০ গোলে হারানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই হতাশার কথা জানান।

ম্যাচ পরবর্তী আলোচনায় পারেদেস বলেন, তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন। তার মতে, পুরো বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখার প্রয়োজন রয়েছে। তিনি আরও যোগ করেন, তারা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। যদিও আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছে, কিন্তু বিশ্বকাপের ফাইনালে হারের কষ্ট দীর্ঘদিন থাকবে, কারণ তারা শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

৩২ বছর বয়সী এই ফুটবলার জানান, বিশ্বকাপজুড়ে তিনি পাঁজরের চোটে ভুগেছিলেন। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপের প্রথম কয়েক দিন ছিল অত্যন্ত কঠিন, কারণ তার পাঁজরে ছোট একটি চিড় ধরেছিল। এমনকি মিসরের বিপক্ষে ম্যাচের পরও তিনি তীব্র ব্যথা অনুভব করেছিলেন। শেষ পর্যন্ত ট্রমাটোলজিস্ট ও মেডিকেল দলের সহায়তায় তিনি মাঠে নামতে সক্ষম হন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন বলে জানান।

উল্লেখ্য, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের দুই খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় আলোচনায় এলেও, ম্যাচ ঘিরে ছড়ানো সব ধরনের ষড়যন্ত্র তত্ত্ব নাকচ করে দিয়েছেন পারেদেস। তিনি বলেন, তারা ষড়যন্ত্র নিয়ে ভাবেন না; ফাইনালে স্পেনই সেরা দল ছিল এবং তাদের জয় প্রাপ্য ছিল।

গত আট বছরে আর্জেন্টিনা জাতীয় দলের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করে পারেদেস বলেন, এখন অর্জিত সাফল্যগুলো উপভোগ করার সময়। তবে লিওনেল মেসি ও প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে চলা আলোচনা তাকেও ভাবাচ্ছে। তার ভাষায়, চালিয়ে যাওয়া বা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনেকের জন্যই কঠিন হবে। দলটি অসাধারণ পথ পাড়ি দিয়েছে, কিন্তু সেই মান ধরে রাখা এবং একই ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category