সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন ও বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধা তিনি পাবেন। এর মধ্যে নিরাপত্তার বিষয়ে এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের বিশেষ ব্যবস্থার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের সময়ের একটি অংশে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তিনি সংবিধান ও প্রচলিত বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করেছেন এবং সরকারও তার সহযোগিতা পেয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, তৎকালীন সময়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থানে ছিলেন। সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এ বিষয়ে আদালতে মামলা করার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি এ বিষয়ে কোনো মন্তব্য করেন, সেটি তাদের নিজস্ব স্বাধীনতার বিষয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোকে সরকার বিবেচনায় নেওয়ার মতো কোনো বিষয় হিসেবে দেখছে না বলেও তিনি উল্লেখ করেন।
রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।