July 28, 2026, 4:12 pm

নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 2 Time View

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের আগামী দিনের উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানের মাঠের পাশে বসে তিনি বালিকাদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এছাড়া ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি সঠিকভাবে নিজেদের গড়ে তুলতে পারো, তবেই ভবিষ্যতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, গ্যালারিতে উপস্থিত এই খুদে বন্ধুদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের সেরা ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট, ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে। নিজেকে কখনো ছোট না ভেবে শক্তভাবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা আজ এই ইভেন্টটি কভার করছেন, তাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষ বা এডিটরদের অনুরোধ জানাবো, এই স্পোর্টস ইভেন্টটি বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি স্বীকার করেন যে দেশে বিভিন্ন সমস্যা রয়েছে, তবে সরকার স্কুল-কলেজের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত কিশোর-কিশোরীদের কাছ থেকে দেশ গড়ার কাজে অংশগ্রহণের প্রতিশ্রুতি নেন এবং সবাই হাত তুলে সমর্থন জানালে তিনি তাদের ধন্যবাদ জানান।

পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশটা আমাদের সকলের। রাস্তাঘাটে বা বাড়ির আশেপাশে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি শিশুদের অনুরোধ করেন। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তবে নিজেদের গড়ার দায়িত্ব শিশুদেরই নিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবলে বালকদের মধ্যে সিলেট অঞ্চল এবং বালিকাদের মধ্যে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন। বালকদের ফাইনালে সিলেট অঞ্চল ময়মনসিংহকে ১-০ গোলে এবং বালিকাদের ফাইনালে রংপুর অঞ্চল রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করেছে। গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল, যেখানে সারা দেশের প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category