July 29, 2026, 6:15 pm

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 4 Time View

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য দুদক থেকে নোটিশ জারি করা হয়। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী ফরম গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি।

এই ব্যর্থতার জেরে ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন। বিচারিক প্রক্রিয়ায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেছিলেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক, তখন থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category