July 27, 2026, 1:53 pm

গ্যাস সংকট নিরসনে আগামী সপ্তাহ থেকে উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 2 Time View

দেশজুড়ে চলমান গ্যাস সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাসাবাড়িতে রান্নার কাজে ভোগান্তি, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং সিএনজি স্টেশনে চাপের কারণে গণপরিবহনে যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়ে সরকার সচেতন এবং সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, সরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রুটির কারণে এই সংকট সৃষ্টি হয়নি, বরং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, তবে তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব না হওয়াকে তিনি সরকারের একটি সীমাবদ্ধতা হিসেবে বর্ণনা করেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, ত্রুটিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে সাধারণত প্রতিদিন ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে প্রায় ৫০ শতাংশ গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হলে, পরবর্তী সপ্তাহের মধ্যে শতভাগ সরবরাহ পুনরুদ্ধার করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category