July 26, 2026, 6:00 pm

১৮ মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার: নেপথ্যে জ্বালানি সাশ্রয় ও প্রটোকল সংস্কার

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 0 Time View

শপথ গ্রহণের পর থেকে রাজধানীর রাস্তায় পুলিশি পাহারায় চলাচল করে আসা ১৮ জন মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন এবং ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ৪৮। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন—পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। সব মিলিয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন ৫৮ জন। এখন থেকে রাজধানীতে চলাচলের সময় তাঁদের সামনে আর পুলিশের কোনো এসকর্ট গাড়ি থাকবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। তবে ঢাকার বাইরে রাষ্ট্রীয় সফরে গেলে সব মন্ত্রীর জন্যই প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা ও প্রহরা বহাল থাকবে।

বর্তমানে ছয়জন মন্ত্রী ও একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার জন্য এসকর্ট সুবিধা অপরিবর্তিত রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। কোন মানদণ্ডে এই সাতজনকে বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া না গেলেও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনের ভিত্তিতেই তাঁদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা রাখা হয়েছে।

প্রটোকল বিভাগ সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে মন্ত্রীদের নিরাপত্তায় নিয়োজিত প্রায় ৯০ জন পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। আগে যেখানে ১২০ জন পুলিশ সদস্য এই দায়িত্বে নিয়োজিত ছিলেন, এখন সেখানে ৩০ থেকে ৩৫ জন থাকছেন। এছাড়া এসকর্টের জন্য ব্যবহৃত গাড়ির সংখ্যা ২৫টি থেকে কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হয়েছে। প্রতিটি এসকর্ট গাড়িতে পাঁচজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

সরকারের এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে মূলত জ্বালানি সাশ্রয়, পুলিশের যানবাহনের স্বল্পতা এবং প্রটোকলের বহর ছোট করার লক্ষ্য কাজ করেছে। প্রধানমন্ত্রীর নিজের প্রটোকল কমানোর সিদ্ধান্তও এক্ষেত্রে প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী এখন তাঁর বহর থেকে পুলিশের দুটি প্রটোকল গাড়ি বাদ দিয়েছেন এবং মূল নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) থাকছে। পুলিশের পক্ষ থেকে কেবল মোটর শোভাযাত্রার জন্য মোটরসাইকেল পাইলট রাখা হয়েছে। ডিএমপির প্রটেকশন বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলম জানান, এই সিদ্ধান্তের ফলে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি পুলিশ জনবল ও গাড়ির ওপর চাপ কমবে এবং এসব সম্পদ নিয়মিত পুলিশি কাজে ব্যবহার করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category