July 26, 2026, 2:59 pm

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 1 Time View

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রচলিত আইন অনুযায়ী সব ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আয়োজিত পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাসসহ মোট যে সময়টুকু তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন, তা বিধি-বিধান মেনেই করেছেন। সেই সময়কালে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন সাংবিধানিকভাবে প্রিভিলেজড ছিলেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা আদালতে মামলা করার কোনো সুযোগ ছিল না। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে আমরা তার পূর্ণ সহযোগিতা পেয়েছি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এনসিপিসহ বিভিন্ন দল তার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছে এবং তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অধিকার সবারই আছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের কথা বলার যে স্বাধীনতা তৈরি হয়েছে, তা বহাল রয়েছে। তবে এসব অভিযোগ বা বক্তব্যের মধ্যে আইনগতভাবে আমলে নেওয়ার মতো কোনো বিষয় সরকারের নজরে আসেনি।

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও অন্যান্য সুবিধা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের সুবিধা প্রাপ্য। তার সুরক্ষার জন্য এসএসএফ ও পিজিআরসহ ৬ মাসের একটি নির্দিষ্ট বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার মাধ্যমেও তার নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা পাওয়ার কথা, তার সবকিছুই তিনি নিশ্চিতভাবে পাবেন বলে জানান মন্ত্রী।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category