July 27, 2026, 12:58 pm

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 6 Time View

পাঁচ দিনের সরকারি সফর শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ১৯ জুলাই তিনি সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, তুর্কি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওলু এবং তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেলের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ইস্তাম্বুল নৌ জাহাজ নির্মাণশালার পরিচালক রিয়ার অ্যাডমিরাল রেজেপ এরদিনচ ইয়েতকিন এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির প্রতিনিধির সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর জেনারেল ওয়াকার-উজ-জামান তুর্কি স্থলবাহিনীর প্রধান কার্যালয় পরিদর্শন করেন, যেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আইএসপিআর জানায়, বিভিন্ন বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পে পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারণে উভয় পক্ষই বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।

সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আইএসপিআর আশা প্রকাশ করেছে যে, এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category