ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার (২৬ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তিনি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এরপর বেলা ১১টা ৪০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি একটি গাছের চারা রোপণ করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে বেলা ১১টা ৪৭ মিনিটে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
পরিদর্শন বইয়ে দেওয়া মন্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে লেখেন, এই পবিত্র স্মৃতিসৌধ জাতির গৌরব, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শ সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।