চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ক্যাম্পে সুপেয় পানির লাইনে কৌশলে বিষ মেশানোর অভিযোগ পাওয়া গেছে। রোববারের এই ঘটনায় পানি পান করে দুই পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকাটিতে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববার সকালে আলীনগর পুলিশ ক্যাম্পের পানির লাইন থেকে পানি পান করার পর বেশ কয়েকজন সদস্য বমি করতে শুরু করেন। সহকর্মীদের সন্দেহ হলে তারা পাইপ কেটে পরীক্ষা করে সেখানে বিষের তীব্র গন্ধ পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে পানির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য অধিদপ্তরের ল্যাবে পাঠানো হয়। ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা জানান, গ্লাসে পানি নেওয়ার পর তাতে সাদা ফেনা ও বিষাক্ত গন্ধ পাওয়া গিয়েছিল।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেল থেকে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। ওই এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এবং পানিতে বিষ মেশানোর মতো জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান চলমান ছিল। তবে এ ঘটনায় ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মে আলীনগরে পুলিশ ও র্যাব ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালিয়ে স্কেবেটর দিয়ে ক্যাম্প দুটি গুড়িয়ে দিয়েছিল। সেই সময়ও সন্ত্রাসীরা পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিল বলে জানা গেছে।