July 28, 2026, 3:06 pm

শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 2 Time View

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স প্রায় দেড় মাস পর পুনর্বহাল করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাসপাতালটিকে শর্তসাপেক্ষে পুনরায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১৫ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনটি সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের পূর্বের আদেশটি প্রত্যাহার করা হয়েছে।

তবে হাসপাতালটি পুনরায় চালু করার ক্ষেত্রে মন্ত্রণালয় বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছে। এর মধ্যে অন্যতম হলো, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সকল বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। একই সঙ্গে লাইসেন্সের নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category