রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় বাসে থাকা শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থান পরিবহনের একটি বাস কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামানোর চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সরাসরি হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে। বাসটি হাসপাতালের গেটের পাশে থাকা গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ধাক্কা দিলে দেয়ালটি ভেঙে যায়। এ সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসচালককে আটক করেছে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।