বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন আলবিসেলেস্তে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি দলের সমর্থকদের প্রতি যেমন অকৃত্রিম কৃতজ্ঞতা জানিয়েছেন, তেমনি আর্জেন্টিনার পরাজয়ে আনন্দ প্রকাশ করা সমালোচকদেরও দিয়েছেন কড়া জবাব।
লিভারপুলের এই মিডফিল্ডার ইনস্টাগ্রামে লিখেছেন, জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শিরোপা না পাওয়ার কষ্টটা অনেক বেশি। তবে এই টুর্নামেন্টে অর্জিত অভিজ্ঞতা ও স্মৃতিগুলো কেউ কেড়ে নিতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। বিশ্বকাপে দলের প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই একত্রে সব বাধা অতিক্রম করেছি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি স্মরণ করিয়ে দেন, ঐক্যবদ্ধ থাকলে তারা যে কারো চেয়ে বেশি শক্তিশালী।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের একটি ছবি পোস্ট করে ম্যাক অ্যালিস্টার ২০২২ সালের বুয়েনস আইরেসে বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপনের স্মৃতিচারণ করেন। তিনি জানান, সেই টুর্নামেন্টের মতো এবারের আসরও সমর্থক ও জাতীয় দলের মধ্যে এক অবিস্মরণীয় বন্ধন তৈরি করেছে। বিশেষ করে রানার্সআপ পদক গ্রহণের সময় স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের গান এবং দেশে ফেরার পর বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।
২৭ বছর বয়সি এই তারকা তার মায়ের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার কথা উল্লেখ করে সমর্থকদের নতুন করে আশার আলো দেখিয়েছেন। নিজের বার্তায় তিনি পরিবার, বন্ধু এবং জাতীয় দলের নেপথ্যে কাজ করা কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে আর্জেন্টিনার পরাজয় নিয়ে যারা ট্রল করেছেন বা আনন্দ প্রকাশ করেছেন, তাদের উদ্দেশ্যে ম্যাক অ্যালিস্টার বলেন, আমি অন্য দেশের সেই সব মানুষদেরও ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন না, তবে আপনাদের এই আচরণ আমাদের একজন আর্জেন্টাইন হিসেবে প্রতিদিন আরও বেশি গর্বিত করে তোলে।