July 22, 2026, 11:10 am

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 0 Time View

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাড়ইল এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ইকবালের বাড়ি রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর মহল্লায়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইকবালের কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ১০০ গ্রাম ওজনের ১৫টি প্যাকেটে মোট দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানান, চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তি তাকে এই চালানের দায়িত্ব দেন এবং রাজশাহীতে অন্য একজনের কাছে এটি হস্তান্তরের কথা ছিল। পুরো যোগাযোগ প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পন্ন হচ্ছিল।

উপপরিচালক মেহেদী হাসান আরও জানান, এটি মূলত ‘কাট-আউট’ পদ্ধতিতে মাদক পাচারের একটি কৌশল, যেখানে বাহক, সরবরাহকারী ও গ্রহণকারী একে অপরকে চেনেন না। ফলে কোনো একজন ধরা পড়লেও মূল হোতা বা নেটওয়ার্ক শনাক্ত করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। গ্রেপ্তারের পর রাত ২টা পর্যন্ত অভিযান চালানো হলেও চালান গ্রহণের জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ইকবাল মূলত অর্থের বিনিময়ে এই হেরোইন বহনের কাজ করছিলেন। এ ঘটনায় রাত আড়াইটার দিকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মামলাটির তদন্ত তারাই করবে এবং তদন্তের প্রয়োজনে রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। পাশাপাশি মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category