বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে বিশদ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকের আলোচনার মূল কেন্দ্রে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন। বিশেষ করে, বিএনপির সরকারের উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সারা দেশে আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
এছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন, বিএনপির নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারসমূহ এবং সরকারের পলিসি ও তার কার্যকর বাস্তবায়ন কৌশলের বিষয়েও দীর্ঘ আলোচনা হয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ এবং সকল পর্যায়ের জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বৈঠকে কথা হয়।
বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের নিজেদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সাথে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোতে কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য উপস্থিত ছিলেন।