July 21, 2026, 4:46 pm

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন পেল ‘কিউডেঙ্গা’

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 1 Time View

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (২১ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার তৈরি এই টিকাটির নাম ‘কিউডেঙ্গা’।

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) টিকাটির গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই-বাছাইয়ের পর ৪ থেকে ৬০ বছর বয়সী মানুষের জন্য এর ব্যবহারের অনুমতি দিয়েছে। টিকাটি দুই ডোজে প্রয়োগ করতে হবে। প্রথম ডোজ নেয়ার তিন মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ বা ধরনের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম।

বর্তমানে টিকাটির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাকেদা ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২ কোটি ৪০ লাখের বেশি ডোজ কিউডেঙ্গা বিতরণ করা হয়েছে এবং এর নিরাপত্তা নিয়ে বড় কোনো উদ্বেগের তথ্য পাওয়া যায়নি। টিকাটি ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, বৃটেন, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৪২টি দেশে অনুমোদিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক-যোগ্যতা অর্জন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর ১০ থেকে ৪০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও নগরায়ণের ফলে ডেঙ্গুর প্রকোপ বিশ্বজুড়ে বাড়ছে। ভারতে সরকারি তথ্যমতে, ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ডেঙ্গু মোকাবিলায় ভারতের নিজস্ব টিকা তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে। প্যানাসিয়া বায়োটেকের তৈরি ‘ডেঙ্গিঅল’ টিকাটি বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে আছে। এটি অনুমোদন পেলে বিশ্বের প্রথম একক ডোজের ডেঙ্গু টিকা হিসেবে বিবেচিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category