লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) দীর্ঘ আট মাস ধরে নিখোঁজ রয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০২৫ সালের ২৯ নভেম্বর তৃপ্তির মা রহিমা আক্তার অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ওইদিন বিকেলে স্বামীর মোবাইল ফোনে বাড়ির খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন, তাদের মেয়ে তৃপ্তি বাড়ি থেকে পার্শ্ববর্তী কালিবাজারে যাওয়ার কথা বলে বের হয়েছে। এরপর দীর্ঘ সময় পার হলেও তৃপ্তি আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো হদিস মেলেনি।
মেয়ের কোনো সন্ধান না পেয়ে ৬ ডিসেম্বর রহিমা আক্তার লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কিশোরীর কোনো সন্ধান দিতে পারেনি। মা রহিমা আক্তার জানান, তৃপ্তি তার ছোট মেয়ে। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে তিনি প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক বলেন, তৃপ্তি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে এবং তার মা থানায় জিডি করলেও এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। এদিকে, এ সংক্রান্ত নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক সোহেল রানার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।