July 20, 2026, 1:10 pm

সুশাসন ও টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব জরুরি: বরিশালে কর্মশালা

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 7 Time View

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করতে হলে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা অপরিহার্য। আর এই সুশাসন প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠাকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছেন তারা।

রোববার সকালে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি টুনু রানী কর্মকার।

কর্মশালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান বলেন, তরুণরা একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেন। তিনি আশা প্রকাশ করে বলেন, তরুণরা নিজেরা সুশাসনের চর্চা করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার মাধ্যমে একটি টেকসই ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

টিআইবি বরিশাল-এর সদস্য কাজী সেলিনা বেগম বলেন, তরুণদের ধারণ করার মাধ্যমেই আমরা তাদের চিনতে পারি। একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে সনাক সভাপতি টুনু রানী কর্মকার বলেন, দেশের সব তরুণকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে।

অনুষ্ঠানে টিআইবি’র দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক-টিআইবি বরিশালের সদস্য জীবন কৃষ্ণ দে। কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের বরিশাল এরিয়া কো-অর্ডিনেটর মো. আশফাকুর রহমান এবং মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন। কর্মশালায় বরিশাল জেলার ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের মোট ৪০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category