যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি উন্নত করা এবং জনমত প্রভাবিত করার লক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ের একটি ব্যাপক প্রচারণা চালাচ্ছে ইসরাইল। মার্কিন প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে ‘এমা’, ‘সারা’ ও ‘জন’-এর মতো সাধারণ নাম ব্যবহার করে লাখ লাখ এআই-নির্ভর বার্তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে পাঠানো হয়েছে। এসব বার্তায় প্রেরক হিসেবে ‘ফ্রেন্ডস ফর পিস’ নামক একটি সংগঠনের পরিচয় দেওয়া হলেও, বাস্তবে এমন কোনো নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান বা কোম্পানির অস্তিত্ব খুঁজে পায়নি পত্রিকাটি। বার্তাগুলোতে প্রাপকদের কাছে ইরান ও ইসরাইলের শান্তি আলোচনা এবং বৈশ্বিক নিরাপত্তার প্রভাব নিয়ে প্রশ্ন রাখা হয়েছে, যা মূলত ইসরাইলপন্থি জনমত তৈরির একটি কৌশল হিসেবে কাজ করছে।
এই বিশাল প্রচারণার নেতৃত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল। ৪৫ মিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় এআইভিত্তিক বার্তা প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘স্পার্কফায়ার’ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার গ্রহণ করেছে। এছাড়া পারস্কেলের দল এমন কিছু ইসরাইলপন্থী ওয়েবসাইট ও কনটেন্ট তৈরি করেছে, যা চ্যাটজিপিটি ও ক্লদের মতো প্ল্যাটফর্মে ইসরাইল সম্পর্কে ইতিবাচক উত্তর প্রদানে সহায়তা করে।
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম পরিচালনার জন্য অন্তত ছয়টি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রায় তিন ডজন ব্যক্তি বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধন করেছেন। প্রচারণার অংশ হিসেবে রক্ষণশীল সম্প্রচারমাধ্যম সালেম মিডিয়ার মাধ্যমে ৫ লাখ ডলারেরও বেশি মূল্যের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, যদিও প্রতিষ্ঠানটি দাবি করেছে যে তারা কোনো নির্দিষ্ট অবস্থান প্রচারের জন্য উপস্থাপকদের অর্থ দেয়নি।
এর আগে গত বছর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানিয়েছিলেন, বিশ্বব্যাপী ইসরাইলের ভাবমূর্তি উন্নয়ন ও জনমত গঠনের জন্য ২০২৬ সালের বাজেটে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ রাখা হয়েছে। এদিকে, গত বুধবার পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স অভিযোগ করেন যে, ইসরাইল সরকারের কিছু সদস্য ইরান-সংক্রান্ত সংঘাত দীর্ঘায়িত করতে যুক্তরাষ্ট্রের জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তবে এই অভিযোগ ও কার্যক্রমের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮: ৫৮আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৮: ৫৯