বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের আগাম অনুমতি বা নিয়ম না মেনে এই পথ দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার আক্রমণের মুখে পড়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন পুরোপুরি একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে।
ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তায় চারটি বাণিজ্যিক জাহাজ তাদের নির্দেশনা অমান্য করে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসি জাহাজগুলোকে সতর্ক করলে দুটি জাহাজ পিছু হটে যায়, তবে বাকি দুটি জাহাজ চলাচল অব্যাহত রাখে। এরপরই ইরান জাহাজ দুটির ওপর আক্রমণ চালায়, যার ফলে সেগুলোতে আগুন ধরে যায়। ইরান দাবি করেছে যে, এই আক্রমণের ফলে ওই দুটি ট্যাংকার পুরোপুরি অচল হয়ে পড়েছে।
যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) ওমান উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের গুরুত্বপূর্ণ সব বন্দরে নৌঅবরোধ আরোপ করবে। এর প্রতিক্রিয়ায় তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের নিয়ম বা পূর্বানুমতি ছাড়া মার্কিন সহায়তায় কোনো বাণিজ্যিক জাহাজকে আর এই প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না।