নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সোমবার বিকেলে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনম ওয়াংচুকের হাতে লেখা একটি বার্তা প্রকাশ করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তিনি তার ২৩তম দিনের অনশন অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
বার্তায় সোনম ওয়াংচুক উল্লেখ করেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের ওপর যে নৃশংস আচরণ করা হচ্ছে, তা দেখে তিনি ব্যথিত। তিনি দাবি করেন, যতক্ষণ না যুব নেতাদের পার্লামেন্টে সংসদ সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে অথবা তাকে হাসপাতালে তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে, ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুত শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করবে এবং শিক্ষার্থীদের অভিযোগ শোনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
এদিকে, সোমবার ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নরেন্দ্র মোদির সরকার ওই এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এর আগে শনিবার সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি সেখান থেকেই তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য যে, নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনার পর দেশজুড়ে ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এই ঘটনার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল আন্দোলন চালিয়ে যাচ্ছে। সোমবার মধ্য দিল্লির জন্তর মন্তরে সিজেপি সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বৈঠকের কয়েক ঘণ্টা পরেই সোনম ওয়াংচুকের এই বার্তাটি সামনে এল। সিজেপি সদস্যরা বৈঠকে প্রশ্নফাঁসের জন্য জবাবদিহিতাসহ বেশ কিছু দাবির তালিকা সরকারের কাছে পেশ করেছেন।