ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনকালে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ বিক্ষোভস্থল থেকে তাকে জোরপূর্বক সরিয়ে নেয় এবং একটি বাসে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস থেকে বের হওয়ার পর রাহুল গান্ধীর নাকে রক্ত দেখা গেছে, তবে ঠিক কী কারণে তিনি রক্তাক্ত হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
দলীয় সূত্রে জানা গেছে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদির বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। রাস্তার ওপর অবস্থানরত রাহুলকে ঘিরে অন্তত ১০ জন পুলিশ সদস্য অবস্থান নেন। তিনি সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে জোর করে সরিয়ে দেয়। আটকের পর রাহুল গান্ধী গণমাধ্যমের কাছে মন্তব্য করেন যে, ভারতে বর্তমানে গণতন্ত্রের সংকট চলছে।
বিক্ষোভের সময় রাহুল গান্ধী ছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের একাধিক নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।
পুলিশের হাতে সরিয়ে নেয়ার আগে সমর্থকদের উদ্দেশে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় যোগ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা চালানো। প্রধানমন্ত্রী মোদি মনে করছেন কোনো জবাবদিহি ছাড়াই তিনি পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবি উপেক্ষা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।