মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারের পরিচিত মুখ মাছ বিক্রেতা নাসির খালাসি (৪০) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় বেঁচে থাকার শেষ সম্বলটুকুও ফুরিয়ে আসছে। নিয়মিত ডায়ালাইসিস করানোই এখন তার একমাত্র ভরসা, কিন্তু এই চিকিৎসা ব্যয় বহন করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিসের যাতায়াত ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় সাত হাজার টাকা ব্যয় হয়, যার বাইরে প্রতি মাসে ওষুধ বাবদ প্রয়োজন আরও ৮ থেকে ১০ হাজার টাকা। অথচ অসুস্থতার কারণে এখন সপ্তাহে মাত্র দুই দিনই তিনি মাছ বিক্রি করতে পারেন। ঘরে অপেক্ষা করছে ১০ বছরের বড় সন্তানসহ চার ছোট ছেলেমেয়ে।
নাসিরের জীবনের গল্পটি দীর্ঘদিনের সংগ্রামের। প্রায় ২০ বছর আগে নদীভাঙনে গারুরগাঁও গ্রামে তার ভিটেমাটি ও ফসলি জমি সব নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাবা সেকান্দর খালাসীও মারা গেছেন অনেক আগে। এরপর পাশের কুকরাদি গ্রামে আশ্রয় নিয়ে মাছ ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচগাঁও বাজারে মাছ বিক্রি করে কোনোমতে সংসার চললেও কিডনি অকেজো হওয়ার পর সেই পথও রুদ্ধ হতে বসেছে।
আগে ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে তুলনামূলক কম খরচে ডায়ালাইসিস করালেও হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় এখন মুন্সীগঞ্জের সিপাহীপাড়ার একটি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে তাকে, যেখানে খরচ অনেক বেশি। নাসির কান্নাজড়িত কণ্ঠে জানান, একসময় নিজে আয় করে চিকিৎসা চালালেও এখন শরীরে আর শক্তি নেই। তিনি তার চার সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার আকুতি জানান। পাঁচগাঁও বাজারের সহকর্মী মিন্টু দাস জানান, আগে নিয়মিত বাজারে আসতে পারলেও এখন নাসির সপ্তাহে মাত্র দুই দিন আসতে পারেন। হাসাইল বানারী ইউপি সদস্য বাবু হালদার জানান, নাসিরের ভাইদের জমি থাকলেও তার নিজের কিছুই নেই, তিনি আগে থেকেই অসহায় ছিলেন আর এখন একেবারে নিঃস্ব।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী জানান, ইউনিয়ন পরিষদে চিকিৎসার জন্য আলাদা কোনো তহবিল না থাকলেও তিনি সাধ্যমতো সহায়তার চেষ্টা করবেন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সরকারি সহায়তা এখনো না পাওয়া নাসির আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে চলছেন, যা দিন দিন কমে আসছে। এই কঠিন সময়ে নাসির খালাসি সমাজের হৃদয়বান, প্রবাসী ও বিত্তবান মানুষদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। কেউ সহায়তা করতে চাইলে নাসিরের ব্যক্তিগত বিকাশ বা নগদ নম্বর ০১৭৩১-৮০৭২১৬-এ যোগাযোগ করতে পারেন।