July 19, 2026, 1:43 am

না ফেরার দেশে ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 3 Time View

ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে পরলোকগমন করেছেন। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, যার মাধ্যমে ক্রিকেট ইতিহাসের একটি স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো।

১৯৭৫ সালে ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নাইটহুড উপাধি পাওয়া এই মহানায়কের সম্মানে আইসিসি বর্তমানে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ প্রদান করে থাকে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিসংখ্যান ছিল ঈর্ষণীয়; ৯৩টি টেস্ট ম্যাচে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান করার পাশাপাশি বল হাতে ৩৪.০৩ গড়ে ২৩৫টি উইকেট শিকার করেছেন তিনি। টেস্টে ৫ হাজার বা তার বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় তার ব্যাটিং গড় এখনো চতুর্থ সর্বোচ্চ। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার সংগ্রহ ২৮ হাজার রান এবং ১,০০০ এর বেশি উইকেট।

১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করা সোবার্স ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে রূপ দিয়েছিলেন অপরাজিত ৩৬৫ রানের এক মহাকাব্যে। দীর্ঘ ৩৬ বছর ধরে এটি ছিল টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। তার ব্যাটিং প্রতিভার পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়ের দক্ষতা নিয়েও কিংবদন্তি রিচি বেনো লিখেছিলেন, ‘সোবার্স ছিলেন বিশ্বের দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি একাধারে দুর্দান্ত ব্যাটসম্যান, অসাধারণ ফিল্ডার এবং নতুন বলের পেস থেকে শুরু করে লেফট-আর্ম স্পিন—সব ধরনের বোলিংয়েই ছিলেন সমান পারদর্শী।’

১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকানোর বিরল কীর্তি গড়েছিলেন তিনি। তার প্রয়াণে শোক জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক্সে এক পোস্টে লিখেছে, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category