সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথকভাবে কোনো আর্থিক অনিয়মের তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই। তবে তিনি স্পষ্ট করেন যে, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে তদন্ত কার্যক্রম চলছে, সেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল লক্ষ্য হলো আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করা। তদন্তের মাধ্যমে যার সংশ্লিষ্টতাই পাওয়া যাক না কেন, তার বিরুদ্ধেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ইসলামী ব্যাংকের প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্স-এর নাম উঠে এসেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে। এর আগে ২০২৫ সালের ১১ মার্চ হাইকোর্ট ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব জব্দ এবং জেএমসি বিল্ডার্সের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ অক্টোবর বিএফআইইউ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিলেও বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে।