গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্যোগে মোট ৫ হাজার ৬৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের সিংহভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।
গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। ভূমিকম্পে আহত ১৬ হাজার ৭৪০ জনের সংখ্যাটি অপরিবর্তিত রয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, আহতদের বেশিরভাগই ইতিমধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন কাজের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল ব্যবহারের পরিকল্পনা করছে ভেনেজুয়েলা। তবে এ বিষয়ে এএফপি যোগাযোগ করলে আইএমএফ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, ভূমিকম্পের ফলে প্রায় ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তারা বর্তমানে বিভিন্ন জনাকীর্ণ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, যার মধ্যে অনেকগুলোতেই পর্যাপ্ত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে বলে জানা গেছে।