July 26, 2026, 5:18 pm

২০২৬-২৭ অর্থবছরে ৬৩.৪০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 1 Time View

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, নির্ধারিত এই লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকার চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতের উন্নয়নে শিগগিরই সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল।

বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে মন্ত্রী জানান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে এ ধরনের আলোচনা শেষ হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক বহাল রয়েছে। শুল্কের নাম পরিবর্তন হলেও হার অপরিবর্তিত থাকায় বাংলাদেশের রপ্তানিতে তাৎক্ষণিকভাবে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই। পরিশেষে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে স্থিতিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডের সব প্রতিবন্ধকতা দূর করে একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category