July 19, 2026, 1:59 pm

রাঙামাটিতে নিখোঁজ বিএনপি নেতা, হ্রদে মিলল মালামালসহ নৌকা

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 2 Time View

রাঙামাটির কাপ্তাই উপজেলায় মো. মাসুদ (৫০) নামের এক বিএনপি নেতা নিখোঁজ হয়েছেন। তিনি কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন বাজারে মুদি মালামাল বিক্রি করাই ছিল তাঁর পেশা। নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. মাসুদ নিয়মিত বৃহস্পতিবার নৌকাযোগে কাপ্তাই থেকে বিলাইছড়িতে মালামাল বিক্রির জন্য যেতেন এবং শুক্রবার বিকেলে অথবা শনিবার সকালে বাড়ি ফিরতেন। গত বৃহস্পতিবারও তিনি একইভাবে বাড়ি থেকে রওনা দেন। তবে শনিবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন।

শনিবার বিকেলে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় মাসুদের ব্যবহৃত নৌকাটি ভাসতে দেখা যায়। নৌকাটির ভেতরে চাল, ডাল, ডিম ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিলাইছড়ি থেকে ফেরার পথে গর্জনটিলা এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় বিষয়টি জানার পর নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের টিম রাত ১০টা পর্যন্ত যৌথ অভিযান চালায়। তবে নিখোঁজ ওই নেতার কোনো সন্ধান পাওয়া যায়নি। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সম্মিলিত তল্লাশিতেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে গিয়ে তিনি হ্রদের পানিতে তলিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category