বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মহারণ মাঠে বসে দেখার জন্য সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম টিকিট সংকট। টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, স্টাবহাব ও টিকিটমাস্টারের মতো পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোতে সাধারণ টিকিটের দাম শুরু হচ্ছে প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এই দাম প্রতিনিয়ত বাড়ছে।
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ ক্যাটাগরির টিকিট প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে কেবল হসপিটালিটি বা ভিআইপি ক্যাটাগরির টিকিট অবশিষ্ট রয়েছে, যার প্রতিটি প্রায় ৬০ হাজার ডলারে বিক্রি হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৪ লাখ টাকা। স্টেডিয়াম চত্বরের বাইরেও এই সংকটের প্রভাব স্পষ্ট। নিউইয়র্কের টাইমস স্কয়ারে অনেক সমর্থককে ‘টিকিট চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ফাইনালের টিকিটের আশায় টাইমস স্কয়ারে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে আর্জেন্টিনা ও স্পেন উভয় দলের ভক্তরাই উপস্থিত ছিলেন। তবে সংখ্যায় আলবিসেলেস্তে সমর্থকরা এগিয়ে থাকায় এই চত্বরটি যেন মুহূর্তেই বুয়েনস আয়ার্সে রূপ নিয়েছিল। মজা করে বিভিন্ন বিজ্ঞাপনের বিলবোর্ডে একে ‘আর্জেন্টাইনস স্কয়ার’ হিসেবেও তুলে ধরা হয়। বৃষ্টি উপেক্ষা করেও দুই দলের সমর্থকরা নিজেদের মতো করে উদযাপনে মেতে ছিলেন এবং অনেকে শেষ মুহূর্তে কম দামে টিকিট পাওয়ার আশায় প্রহর গুনছেন।