জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে যদি কেউ পুরোনো বন্দোবস্তের পথে হাঁটে, তবে রাজনীতি টিকবে না।
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়া হবে। তিনি দাবি করেন, রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছিল, যা সংবিধান স্বীকৃত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। অথচ যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি তুলছে, তারাই আবার সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেয়নি। তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয়, কাঠামোগত পরিবর্তনের জন্য সাংবিধানিক সংশোধন অপরিহার্য।
সরকারের কার্যক্রমের বিষয়ে মন্ত্রী জানান, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার থেকেই সরকার কাজ করছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা প্রায় ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ বর্তমান সরকার আইনে পরিণত করেছে। যেসব অধ্যাদেশে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলো অংশীজনদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সংশোধন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।