সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল রোববার এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
নিয়োগ পাওয়ার পর আজ সোমবার নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট শেয়ার করেন রাশেদ খাঁন। তিনি তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, ‘অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।’ তিনি আরও জানান, অর্পিত দায়িত্ব যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে পালন করতে পারেন, সেজন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছেন।